নওগাঁর মান্দায় একটি ইউক্যালিপটাস বাগান থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের আবদুর রহমানের ইউক্যালিপটাসের বাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন উপজেলার তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে ও গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারে এসএসসি পাস করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের জনৈক আবদুর রহমানের ইউক্যালিপটাস বাগানে দু’জনের লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে নিয়ে যায়।