ইয়াহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই সেই কারণে এদেশে যুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে গণতন্ত্র এমনভাবে হারিয়ে গেছে। এই সরকারের বিদায় ছাড়া, পরিবর্তন ছাড়া, এই সরকারের পতন ছাড়া গণতন্ত্র উদ্ধারের কোনো পথ নাই বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি বলেন, তাই জনগণকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এই সরকারকে পতন করেই বিএনপি ঘরে ফিরবে। বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষে রংপুর মহানগরীতে গণমিছিল শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে পুলিশের বেঁধে দেয়া রুট শাপলা চত্বর দিয়ে আবারো গ্রান্ড হোটেল মোড়ে শেষ হয়। গণমিছিলে মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, তাতীদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে এ সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগানে দিতে থাকে।
পরে মহানগর আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে গ্রান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন প্রমুখ।
ফজলুর রহমান বলেন, এ সরকার ক্ষমতা থেকে যাবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এদেশের জনগণ নিজের ভোট নিজে দিবে। সেই ভোট সুষ্ঠুভাবে গণনা করা হবে। এই দাবিতেই আজকের আন্দোলন। এই আন্দোলনে অবশ্যই বাংলার জনগণ জিতবে। আমরা জিতবো, বিএনপি জিতবে।
ফজলুর রহমান বলেন, এই সরকারের পতন ছাড়া গণতন্ত্র উদ্ধারের কোনো পথ নাই। তাই জনগণকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এই সরকারকে পতন করেই বিএনপি ঘরে ফিরবে। খালেদা জিয়ার মুক্তি হবে।



