পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন।
রোববার (২০ আগস্ট) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
নিহত মতিনের স্ত্রীর পক্ষে তার বড় মেয়ে সবিতা খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীকে গত বছরের ৪ জুন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত মতিনের ছোট মেয়ে নাসরিন আক্তার কান্না জড়িত বলেন, পিতা হত্যার বিচার চাওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। লিখিত বক্তব্যে যা লেখা আছে তা আমরা আগে থেকে জানতাম না। সব রেডি করেছে নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের ছোট ভাই জুয়েল। আজকের সংবাদ সম্মেলনে আমাদেরকে ডেকে নিয়ে আসছে জুয়েল।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই একই হত্যাকাণ্ডের বিষয়ে মতিনের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার ছোট ভাই আমার স্বামীকে হত্যা করেছে এবং ঘটনা ধামাচাপা দিতে নানা নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেন। তারা আমার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন।
অভিযোগে আরো বলেন, আমার স্বামী হত্যার প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা।
দুইটা সংবাদ সম্মেলনেই উপস্থিত ছিলেন, নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন, মেয়ে সবিতা খাতুন, নাসরিন আক্তার, আশা মনি ও মেয়ে জামাই আশরাফুল ইসলাম।



