কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) বিকেলে উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নাজমা আক্তার উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হন নাজমা। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিকেলে স্থানীয়রা পুকুরে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ সেটি উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজন সেটি নাজমা আক্তারের লাশ বলে শনাক্ত করে।
তার পরিবারের লোকজন জানায়, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন। ধারনা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



