বরিশালের বানারীপাড়ায় পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে স্ত্রীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করছে তার স্বামী। খবর পেয়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার বানারীপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কারিমা বেগম (২৬)। তার বাবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। ঘাতক স্বামী আব্দুল ছালাম হাওলাদার (৪২) গাভা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। তাদের দুই সন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কারিমা বেগমকে প্রথমে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত করে এবং পরে পরে পাশের খালে চুবিয়ে হত্যা করেন আব্দুল ছালাম হাওলাদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ঘাতককে গ্রেফতার করে।

বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মুমিন উদ্দিন জানান, কারিমার লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।