মিথ্যা মামলা করার অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাদিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মশিউর রহমান খান এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মূল মামলার বাদি বরগুনা জেলার আমতলী উপজেলার পূর্ব গাবতলী গ্রামের হানিফের স্ত্রী নিলুফা বেগম। রায় ঘোষণা করার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি নিলুফা বেগম বাদি হয়ে একই এলাকার আবদুল খালেকের ছেলে আবুল কালামের বিরুদ্ধে ২০১৮ সালের ১৭ জানুয়ারি ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন, আসামি আবুল কালাম বসতঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। নিলুফা বাদি হয়ে ওই ট্রাইব্যুনালে মামলা করলে তদন্তে বাদির ঘটনা মিথ্যা মর্মে প্রতিবেদন দেয়া হয়। ট্রাইব্যুনাল নিলুফা বেগমের মামলা ২০১৮ সালের ২০ নভেম্বর খারিজ করে দেয়। নিলুফা বেগম মিথ্যা মামলা করার অপরাধে আসামি আবুল কালাম বাদি হয়ে ২০১৯ সালের ২০ মার্চ মূল মামলার বাদি নিলুফা বেগমের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় নিলুফা বেগমকে উপরোক্ত দণ্ড দেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্র পক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, একটি যুগান্তকারী রায় হয়েছে। এই ম্যাসেজটি সবাই জানলে কেউ মিথ্যা মামলা করবে না। আসামি নিলুফার আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো।