নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর অযুহাতে এক নারীকে এলোপাতাড়ি মারপিট করে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কবিরাজ লিয়াকত শাহকে (৬৫) অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। তাকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।
এ প্রসঙ্গে থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে ওসি আবুল কালাম বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪৫ বছর বয়সী এক নারী গত ১৫ আগস্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকেন। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে নিয়ে যায়। এরপর ওই নারীকে জ্বীনে আছর করেছে এবং জ্বীন তাড়াতে হবে- এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে বেদম মারপিট করতে থাকেন কবিরাজ লিয়াকত। এতে ওই নারী গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করায়।
ওসি আরো জানান, সেখানে ওই নারীরর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী কবিরাজসহ আরো একজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে কবিরাজ লিয়াকত শাহকে গ্রেফতার করে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।



