নওগাঁর রাণীনগরে নাহিদ পারভেজ (২৮) নামে এক মাদকসেবীকে ১১ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ আগস্ট) দুপুরে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এই কারাদণ্ড প্রদান করেন।
নাহিদ উপজেলার চক কুতুব গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আদালত সূত্র জানায়, নাহিদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের উপর নানা অত্যাচার করে আসছিল। পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আদালতে নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১১ মাসের কারাদণ্ড এবং একই সাথে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভ্রাম্যমাণ আদালত নাহিদকে জেল হাজতে পাঠানো হয়েছে।



