নাশকতা পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আগাম জামিন পেয়েছেন জামালপুর বিএনপির ৪৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিএনপি নেতাকর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
একই সাথে আসামিদের এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।
বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জামিনপ্রাপ্তরা হলেন জামালপুর সদর থানার ছয়জন, মেলান্দহ থানার ১১ জন, মাদারগঞ্জের থানার ১১ জন ও ইসলামপুর থানার ২০ জন। আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ঢাকায় সরকার পতনের কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা সভা করার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে সরকারের পতন ঘটানোর পরিকল্পনার অভিযোগে পুলিশ বাদি হয়ে সম্প্রতি জামালপুরে বিভিন্ন থানায় নামে-বেনামে অন্তত ৫০০ বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।