মোংলা-খুলনা মহাসড়কের বাগেরহাটের বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি জায়গায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেটকার ড্রাইভার মো: সোলায়মান জানান, ডেলটা গ্যাস ফ্যাক্টরির সামনে রাত পৌনে ৯টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান। ঘটনাস্থলে লাশ তিনটি ক্ষত-বিক্ষত ও ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে। এরপর তারা রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার পর থেকে রাত ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দু'পাশে যানজটের সৃষ্টি হয়।
বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, নিহত তিনজনই বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। রামপালের ফয়লা বাজার থেকে ঘেরে যাওয়ার পথে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা এ তিন আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।



