আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ায় খুলনার পাইকগাছা উপজেলার চারটি ইউনিয়নের পাঁচ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) উপজেলা ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমীন সরদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন ছাত্রলীগের চাঁদখালী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো: নাজমুল ফারাবী, ছাত্রলীগের লস্কর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো: রেজওয়ান হোসেন, ছাত্রলীগের হরিঢালী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ হোসেন রাফিন, ছাত্রলীগের গদাইপুর ইউনিয়ন শাখার দফতর সম্পাদক, মো: রাকিবুল ইসলাম ও ছাত্রলীগের গদাইপুরের তকিয়া ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো: সাকিব ঢালী।
এছাড়াও ছাত্রলীগের নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়ায় তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং ছাত্রলীগের জেলা নের্তৃবৃন্দকে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য জানানো হয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



