কুষ্টিয়ার মিরপুরে পুকুর থেকে রাজিয়া খাতুন সুমি (২৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজিয়া খাতুন সুমি ফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রকিব আলীর স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মরহুম বাদশা প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম নামে এক যুবককে থানায় নেয়া হয়েছে।

নিহতের স্বামী রকিব আলী জানান, রাতে ঘরে পরিবারের সবাইকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। এমন সময় সুমির মুঠোফোনে একটি কল আসে। তিনি কথা বলার জন্য ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে তার বিবস্ত্র লাশ ভাসতে দেখি। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহত ওই গৃহবধুর লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার নজরুল ইসলাম নামের এক যুবককে থানায় নেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে মৃত্যুর রহস্য জানা যাবে বলেও জানান ওসি।