নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো তার পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে আড়িয়াল খাঁ নদের কটিয়াদি অংশে লাশটি ভাসতে দেখা যায়। পরে দুপুর ১টার দিকে লাশটি চরগোহালবাড়িয়া পাড়ে এসে আটকে যায়। স্থানীয়রাও লাশটি শনাক্ত করতে পারেনি। নিহতের গলাকাটা ও পুরো শরীরে ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন জানান, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় হত্যা করে লাশটি নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



