নরসিংদীর শিবপুর উপজেলায় ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতৃত্ব গঠনের লক্ষ্যে স্মার্ট স্টুডেন্ট তৈরির প্রত্যয়ে প্রধানমন্ত্রীর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ‘বিকশিত হোক সৃজন মনন’ শীর্ষক প্রকল্প থেকে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইডের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি’র ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেলগুলো বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এসব বাই সাইকেল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীনন মোঃ আলগীর, প্রধান শিক্ষক মহব্বত হোসেন, আওলাদ হোসেন, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান উল হক সানি এলিছ প্রমুখ।

শিক্ষার্থীরা এই সাইকেল ব্যবহার করে তাদের বিদ্যালয় ও তাদের এলাকায় ইভটিজিং, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিটি বিদ্যালয়ে এরূপ কমিটি গঠন করা হয়েছে।