জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহর মৃত্যু হয়েছে। তার এ মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মাঝে ধোয়াশা সৃষ্টি হয়েছে।

শনিবার সকালে ময়নাতদন্তের উদ্দেশে লাশ জামালপুর মর্গে পাঠানো হয়। এর আগে শুক্রবার তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শাহনেওয়াজ দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সদ্য গঠনকৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র ছিলেন।

শাহনেওয়াজের মামা গোলাম মোস্তফা আবু নয়া দিগন্তকে জানান, শুক্রবার দিনভর এবং রাত ১০ থেকে ১১টা পর্যন্ত তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে শুনেছি।

জানা যায়, তিনি পৌরসভার চর ভবসুর ঠোটাপাড়া গ্রামে তার নিজ বাড়িতে দ্বিতীয় স্ত্রী শীলাকে নিয়ে রাতে খেয়ে শুয়ে পড়েন। পরদিন শনিবার সকালে তার লাশ পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে প্রাথমিক তদন্ত ও সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। শনিবার ময়নাতদন্তের উদ্দেশে লাশ জামালপুর মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো: হাবিব সাত্তি নয়া দিগন্তকে জানান, সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।