পিরোজপুর জেলার স্বরুপকাঠীর কুড়িয়ানা পেয়ারা বাগান থেকে শুভ মিস্ত্রী (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

শুভ মিস্ত্রী পেশায় একজন শ্রমিক এবং ওই গ্রামের পরলোকগত মধুসুদন মিস্ত্রীর ছেলে।

সূত্রে জানা গেছে, শুভ মিস্ত্রী সোমবার (২১ আগষ্ট) পরিবারের লোকজনের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। তিন দিনেও বাড়ি না ফেরায় স্ত্রীও রাগ করে বাবার বাড়ি চলে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার মা কুসুমী মিস্ত্রী নিরুপায় হয়ে ছেলে নিখোঁজের ব্যাপারে নেছারাবাদ থানায় একটি সাধারন ডায়েরি করেন। অবশেষে নিখোঁজের ছয় দিন পর শনিবার সকালে প্রতিবেশী হরলাল মিস্ত্রীর পেয়ারা বাগানে সজল নামে এক ব্যাক্তি পেয়ারা পারতে গিয়ে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে স্বরুপকাঠী (নেছারাবাদ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর আহমেদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।