জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রক্ষপুত্র-যমুনা নদ নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নদীপাড় ও নিম্নাঞ্চলে ফসলাদি তলিয়ে গিয়েছে। উপজেলার উত্তরে ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে নদ নদীতে হুহু করে পানি বাড়ছে। 

রোববার (২৭ আগস্ট) দুপুরে যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার মাত্র ১২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো: আব্দুল মান্নান। এর আগে শনিবার (২৬ আগস্ট) রাত ৮টায় যমুনা নদীর বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল বলে জানিয়েছিল পাউবো।

জানা গেছে, নদ নদীতে পানি বাড়ার সাথে সাথে দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ী, চিকাজানী, বাহাদুরাবাদ, হাতিভাঙ্গা, চর আমখাওয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নদ-নদীতে ভাঙন দেখা দিয়েছে। নিম্নাঞ্চলে রোপন করা রোপা আমন, শাক-সবজির বাগানসহ অন্য ফসলাদি তলিয়ে গেছে। দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড চুনিয়াপাড়া-গুলুঘাট ব্রিজ, ঝালোরচর ব্রিজ, পোলাকান্দি ব্রিজ, সানন্দবাড়ী ব্রিজসহ বিভিন্ন পুল-কালভার্টের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহারুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আমাদের পূর্ব প্রস্তুতির কোনো ঘাটতি নেই।