কিছু দিন আগের বন্যার ক্ষত না শুকানোর আগেই আবারো চট্টগ্রামের সাতকানিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দু’দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আশঙ্কা রয়েছে বন্যার।
শঙ্খ ও ডলু নদীতে পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। অনেক স্থানে বৃষ্টির পানি জমে নষ্ট হয়ে গেছে বীজতলা ও ফসলের ক্ষেত। উপজেলার অনেক জায়গায় অভ্যন্তরীণ সড়কগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
সাতকানিয়া পৌরসভা ও উপজেলার কেঁওচিয়া, ছদাহা, ঢেমশা, বাজালিয়া, কালিয়াইশ, ধর্মপুর, পুরানগড়, নলুয়া, পশ্চিম ঢেমশা, এওচিয়া, সোনাকানিয়া, চরতি, কাঞ্চনা ও সাতকানিয়া সদর ইউনিয়নের অনেক গ্রামের নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকে পানিবন্দি হওয়ার আশঙ্কা রয়েছে।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের জানান, গত বন্যায় ডলু খালের বিভিন্ন স্থানে খালের বাঁধ ভেঙে যায়। তবে বর্তমানে এখনো কোনো এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়নি।
উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী জানান, ‘আমার ইউনিয়নের ১ ও ৫ নম্বর ওয়ার্ডের পুরো এলাকা বর্তমানে পানির নিচে ডুবা। আর ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অর্ধেক এলাকা পানির নিচে তলিয়ে গেছে।’



