কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় বাদশা (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা সদরপুর ইউনিয়নের আজমপুর শীতলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অমৃত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিয়ের জন্য দেশে আসেন মালয়েশিয়া প্রবাসী বাদশা। ১০ দিন আগে তিনি বিয়ে করেন। সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে স্থানীয় কাতলামারি যাওয়ার পথে ছাগলের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। গুরুতর আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অমৃত সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বাদশার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতালে রয়েছে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে কাতলামারি আসার পথে ছাগলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।