কুমিল্লার চান্দিনায় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ওই নারীর লাশ স্থানীয় কেউ না চেনায় পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সিআইডির সহযোগিতায় ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানায়, মহাসড়ক-সংলগ্ন সোনাপুর একটি মার্কেটের সামনে পঞ্চাশোর্ধ ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ লাশ উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ‘ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভবত ওই মার্কেটের সামনে ঘুমিয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তারপরও আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’



