নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকালে এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুর বিষয়টি তার পারিবারিক এবং রাজনৈতিক একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এমপির ঘনিষ্টজন চলনবিল প্রবাহ পত্রিকার সম্পাদক মাহমুদুল হক খোকন জানান, আজ বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবন চত্বরে এমপি আব্দুল কুদ্দুসের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নাটোরের উদ্দেশে আনা হবে এই সংসদ সদস্যের লাশ। বিকেল ৪টায় নাটোর কানাইখালি মাঠ, বিকেল ৫টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, সন্ধ্যা ৬টায় গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এবং বাদ মাগরিব জন্মভূমি গুরুদাসপুরের বিলশা ঈদগাহমাঠে তার শেষ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টজনিত কারণে এমপি আব্দুল কুদ্দুসকে শনিবার সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। পরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় আইসিউতে চিকিৎসা চলে। শনিবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এমপিকে আইসিইউতেই রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য এই নেতাকে থাইল্যান্ড নেয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি।
পারিবারিক সূত্র জানিয়েছে, চলতি বছর পরিবারসহ দ্বিতীয়বারের মতো পবিত্র হজ্ব পালন করেছেন সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই শ্বাষকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সংসদীয় এলাকা ছাড়াও জেলা জুড়েই আওয়ামী লীগের নেতাকর্মী ও তার অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসছে।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শফিকুল ইসলাম শিমুল এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি, রত্না আহমেদ এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।



