সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে মাটিয়ান হাওরের আনন্দনগর গ্রামের পাশে নিহত আবুল ফয়েজের লাশ ভেসে উঠেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে হাওর থেকে লাশ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বুধবার সকালে উপজেলার আনন্দনগর গ্রামের পাশে নিখোঁজ অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি হয়। এতে দু’জন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) একজনের লাশ হাওরে ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে।
আরো উল্লেখ্য যে শাহ আলমের বড় ছেলে আকাশ মিয়াকে (১৫) ঢাকা পাঠানোর জন্য দুপুরে তাহিরপুর আসেন শাহ আলম ও আবুল ফয়েজ। পরে ছেলেকে সুনামগঞ্জের গাড়িতে (সিএনজি) তুলে দিয়ে তারা দু’জন বিকেলে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পাড়ের চিলাইন তাহিরপুর গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে নিজেদের ইঞ্জিনচালিত ছোট নৌকা নিয়ে রওনা হন। মাটিয়ান হাওর পাড়ি দিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা দু’জন নিখোঁজ হন।



