বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ডুবে নিখোঁজ নিশাত তাসনিম তানহার (১৬) লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৩০ আগস্ট) সকাল ৮টায় বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের চাউলাকাঠি (জাঙ্গালিয়া) এ রব মাধ্যমিক বিদ্যালয় ও কালিরবাজার-সংলগ্ন সন্ধ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিশাত উজিরপুরের ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে এবং সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষার ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৯ আগস্ট) নিশাত তাসনিম তানহা ও তার ভাই তাজোয়ার হাসান নিবিড় (১২) ঢাকা থেকে পরিবারে সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন দুপুরে উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামের তাদের বাড়ির পেছনের সন্ধ্যা নদীর শাখা নদীতে শখের বশে গোসল করতে যান। তাদের সাথে পাশের বাড়ির তৌফিক (১০) নামের আরো একটি শিশু ছিল। গোসলের একপর্যায়ে প্রথমে তৌফিক পানির স্রোতে তলিয়ে যাওয়া শুরু করলে তাকে রক্ষা করতে গিয়ে তানহা ও নিবিড় তলিয়ে যেতে শুরু করে। তাদের চিৎকার শুনে মা তানিয়া নাসিম দৌঁড়ে এসে পানির মধ্যে ঝাঁপ দিয়ে ছেলে নিবিড়কে ধরে রক্ষা করতে পারলেও মেয়ে তানহাকে ধরার চেষ্টা করে ব্যর্থ হন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার কলিম উল্যাহ জানান, খবর পেয়ে বরিশাল ও উজিরপুরের ফায়ার সার্ভিসের একাধিক ডুবুরি দল এবং উজিরপুর থানা পুলিশসহ স্থানীয়রা ঘটনার পর থেকে রাতভর উদ্ধার অভিযান চালায়। কিন্তু নিখোঁজ তানহার কোনো সন্ধান পায়নি তারা। পর দিন সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।



