নীলফামারীর সৈয়দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম সামসুল হক (৬০)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সামসুল হক বোতলাগাড়ী ইউনিয়নের মুচিরহাট বড়বাড়ি এলাকার মরহুম তবির উদ্দিনের ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী একটি বাস অপর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীতদিক থেকে আসা সাইকেলে আরোহী সামসুলকে ধাক্কা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওই ওসি।



