কুষ্টিয়ার মিরপুরে এবার ট্রেনের মধ্যে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এক কজি পাঁচ শ’ গ্রাম কোকেন জব্দ করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১০টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক জানান, রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি পাঁচ শ’ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
এ বিষয়ে মিরপুর থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন ওই বিজিবি অধিনায়ক।
উল্লেখ্য, রোববার কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে থেকে এক কেজি চার শ’ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি সদস্যরা। রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরাধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি চার শ’ গ্রাম হেরোইন জব্দ করে।



