ময়মনসিংহের গফরগাঁওয়ে ছোট ভাইয়ের শখ পূরণ করলেন বড় ভাই। হেলিকপ্টার ভাড়া করলেন ভাইয়ের বিয়ের জন্য। তাতে চড়ে নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন ছোট ভাই।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার টাংগাব ইউনিয়নে এই ঘটনা ঘটে।
জানা যায়, টাংগাব ইউনিয়নের দুবাশিয়া গ্রামের আজিজুল শেখের ছেলে আব্দুল লতিফ ও মোঃ রাকিব। আব্দুল লতিফ ট্রাভেল অ্যাজেন্সির মালিক। ভাইয়ের সাথে ব্যবসা দেখাশোনা করে ছোট ভাই রাকিব। তার বিয়ে ঠিক হয় পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার এলাকার আলাল মিয়ার মেয়ে বিশারণের সাথে। বড় ভাইয়ের কাছে রাকিব আবদার করে যে হেলিকপ্টারে করে বিয়ে করবে। ছোট ভাইয়ের আবদার মিটাতে বড় ভাই লতিফ ভাড়া করেন হেলিকপ্টার। বুধবার দুপুরে টাংগাব ইউনিয়ন থেকে ১০ কিলোমিটার উড়ে গিয়ে বিয়ে করে রাকিব ফিরে আসেন বিকেল সাড়ে ৪টার দিকে। বউকে হেলিকপ্টারে করে ঘরে তোলার সাধ পূরণ করেন তিনি। নবদম্পতিকে দেখতে এসময় উৎসুক জনতা ভিড় করে। জনতাকে সামাল দিতে মোতায়েন করা হয় পাগলা থানার পুলিশ। এই বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর রাকিবের বড়ভাই আব্দুল লতিফ বলেন, আদরের ছোট ভাইয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে করে বিয়ের আয়োজন করেছি।
পাগলা থানার ওসি রাজু আহাম্মদ বলেন, হেলিকপ্টারে করে বিয়ে করতে যাওয়ার সংবাদ পেয়ে উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়।
টাংগাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, আমি রাকিবের বিয়েতে গিয়েছি। এই বিয়েকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ, উচ্ছ্বাস দেখা গেছে।



