ফরিদপুরের সালথায় বিলের পানিতে ডুবে দিপ্ত মণ্ডল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামে বিল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত দিপ্ত মণ্ডল ওই গ্রামের কৃষক নিত্য মণ্ডলের একমাত্র ছেলে। দিপ্ত স্থানীয় জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মৃত শিশুর চাচা হৃদয় মণ্ডল জানান, ভাতিজা দিপ্ত দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়িতে আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির সামনে বিলের মধ্যে একটি ডুঙায় চড়ে একা একা শাপলা তুলতে যায়। কিন্তু শাপলা তুলে বাড়িতে ফিরে আসতে দেরি হওয়ায় দিপ্তর মা রিতা মণ্ডল বিলের পাড়িতে গিয়ে দেখেন তার সেন্ডেল ভাসছে। এমন অবস্থায় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন বিলের পানিতে নেমে দিপ্তর নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু।



