ফরিদপুরের সালথায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে জাকারিয়া খান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

মৃত জাকারিয়া ওই গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে।

জাকারিয়ার বাবা শফিকুল ইসলাম জানান, সকালে জাকারিয়াকে বাড়ির উঠানে ছেড়ে দিয়ে তার মা গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় জাকারিয়া খেলতে খেলতে ডোবার ভেতরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে খেলার স্থানে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ডোবায় তার ভাসমান লাশ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ ব্যাপারে অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।