জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র-যমুনায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসল, বাড়ি, ঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি নতুন নতুন এলাকা পানিতে নিমজ্জিত হচ্ছে।
পাউবো’র পানি পরিমাপক মো: আব্দুল মান্নান নয়া দিগন্তকে জানান, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার উপরে পানি প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
তিনি আরো জানান, দেওয়ানগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পশ্চিম চুনিয়াপাড়া গুলুঘাট ব্রিজের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে পশ্চিমে মন্ডল বাজার, বড়খাল, ফুটানি বাজার পর্যন্ত সদ্য নির্মিত দেওয়ানগঞ্জ শহর রক্ষা বাধের গুলুঘাট নামক স্থানে বাধের বৃহৎ অংশ পানিতে ধসে গেছে। সামান্য অংশ যেকোনো সময় ভেঙ্গে যেতে পারে। এতে ঘনবসতিপূর্ণ গুলুঘাট গ্রামটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের শত শত একর জমির ফসলের ক্ষতি হয়ে যেতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা নয়া দিগন্তকে জানান, বিষয়টি আমার নলেজে এসেছে, পাউবোর সাথে কথা বলেছি, ভাঙ্গন রোধে শক্ত পদক্ষেপ নেয়া হবে।



