বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাসুদুর রহমান পারভেজ (৪০) নামে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সংবাদ জানার পর নিহত পারভেজের বাবা মনছের আলী তালুকদার (৬৫) ঘটনাস্থলে গিয়ে সন্তানের লাশ দেখে স্ট্রোক করে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শনিবার সকালে আশিকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

পারভেজ উপজেলার শাবরুল গ্রামের মনছের রহমান তালুকদারের ছেলে এবং বগুড়া সদরের কৈচর বিএম কলেজের প্রভাষক।

স্থানীয়রা জানান, প্রভাষক পারভেজ সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় মাথাইল চাপড় এলাকায় পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে সড়কের ওপর মৃত অবস্থায় দেখতে পায়। এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজন ও তার বাবা ঘটনাস্থলে আসেন। ছেলের এই করুণ মৃত্যু দেখে তার বাবাও সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন জানান, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মৃত অবস্থায় প্রভাষক পারভেজকে সড়কের উপর পড়ে থাকতে দেখতে পান। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা জানার পর তার বাবাও স্ট্রোক করে ইন্তেকাল করার কথা জেনেছি। তবে কারা কেন খুন করেছে তা জানা যায়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রভাষক পারভেজের বড় ভাই পান্নুকে (৩৬) ওই একইস্থানে বেগতিক ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পারভেজ মামলা করেন।