জামালপুরের ইসলামপুরের বন্যার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্র, দশআনীসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নতুন নতুন অঞ্চলে পানি প্রবেশ করছে। এতে জেলার নদীর তীরবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যাচ্ছে।

উপজেলার সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তবে আরো দু-এক দিন বন্যার বাড়ার পূর্বাভাস দিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

যমুনার বৃদ্ধি অব্যাহত থাকায় যমুনার তীরবর্তী দুই উপজেলা বিশেষ করে ইসলামপুরের নিম্নাঞ্চলসহ নতুন নতুন গ্রাম দ্রুত প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে ইসলামপুর উপজেলার যমুনা তীরবর্তী ছয়টি ইউনিয়নের নিম্নাঞ্চলসহ ৩০টিরও অধিক গ্রাম প্লাবিত হয়েছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ সূত্র মতে, যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এলাকাবাসী জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চিনাডুলী ইউনিয়নের দেওয়ানপাড়া নামস্থানে অরক্ষিত থাকায় যমুনার পানি বাড়লেই ইসলামপুর উপজেলায় দেখা দেয় ভয়াবহ বন্যা।

বন্যায় ইতোমধ্যে উপজেলার যমুনার তীরবর্তী ছয়টি ইউনিয়নের কমপক্ষে ২০টির অধিক গ্রামের ১০ হাজারেরও অধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

বন্যার পানির নিচে একের পর এক তলিয়ে যাচ্ছে রোপন আমনসহ বিভিন্ন শাক সবজীর খেত ও বীজ তলা। নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামপুর-মাহমুদপুর আমতলী-ঢেংগার গড়, উলিলা-পচাবহলা, ইসলামপুর- গুঠাইল সড়কসহ বেশ কয়েকটি গ্রামীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

শনিবার জামালপুর জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ ইসলামপুরের বন্যা দুর্গত এলাকা পরির্দশন করেছেন। পরে ডিসি চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর বন্যা দুর্গত পরিবারের মাঝে ৩০০ প্যাকেট ত্রাণ সামগ্রী, ৫০ প্যাকেট শিশু খাদ্য এবং ২০ বস্তা গো-খাদ্য বিতরণ করেন।

এ সময় উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম উপস্থিত ছিলেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আরো ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।