বগুড়ার কাহালুতে প্রভাবশালী মহলের বিরুদ্ধে রাস্তায় পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার প্রতাপপুর বামুজা ভায়া নিশ্চিন্তপুর পাকা সড়কের উপর বামুজা গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি নতুন করে ইটের প্রাচীর নির্মাণ করে রাস্তার কাজের বিঘœ সৃষ্টি করছেন এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, বামুজা দক্ষিণপাড়া মস্জিদের দক্ষিণ পাশে পুকুর পাড়ে জনৈক প্রভাবশালী ব্যক্তি খোয়া বিছানো রাস্তার ওপর/কোল ঘেঁষে নতুন করে প্রাচীর নির্মাণ করার ফলে রাস্তাটি ১০ ফুটের স্থলে ৮ ফুট প্রশস্ত হয়ে পড়েছে। নির্মাণ শ্রমিকরা জানান, প্রাচীরটি ডা: এ আর খানের নির্দেশে নির্মিত হচ্ছে। এ সময় ডা: এর আর খানের ভাই কোব্বাত হোসেন খান বলেন, আমরা রাস্তায় প্রাচীর তুলছি না। রাস্তাটি পুকুরের ভাঙন থেকে রক্ষার জন্যই প্রাচীর তুলছি।

গ্রামবাসী জানান, দীর্র্র্ঘদিন পর রাস্তাটি পাকাকরণ হওয়ার সংবাদে এলাকাবাসী মহা খুশি। কিন্তু এই রাস্তাটি পাকা করার কাজে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। রাস্তা নির্মাণের আগে বিষয়টি নিয়ে একাধিকবার দেন দরবার হয় এবং সেখানে গ্রামবাসীসহ কাহালু থানার ওসি মাহমুদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, ইউপি সদস্য উপস্থিত থেকে একাধিক সার্ভেয়ার দিয়ে জরিপ করে রাস্তার সীমানা নির্ধারণ করে দিলেও প্রভাবশালী ওই ব্যক্তি তা প্রত্যাখ্যান করেন এবং ইট দিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন।
এ ব্যাপারে ডা: এ আর খানের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি। স্থানীয় গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন বলে জানান।
অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ বলেন, আমি কোনো অভিযোগ পাইনি।