নওগাঁর রাণীনগরে টমটম গাড়ির চাপায় মারিয়া আক্তার (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার ধারাগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

শিশু মারিয়া সিলমাদার ধারাগাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, মারিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আবাদপুকুর থেকে একটি টমটম গাড়ি আদমদীঘি যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত-অটোরিকশা সেটিকে ধাক্কা দেয়। এতে টমটম উল্টে শিশু মারিয়াকে চাপা দেয়। স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন, ‘শিশু নিহতের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’