ময়মনসিংহের হালুয়াঘাটে ২১টি ভারতীয় মহিষ আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। শনিবার রাতে ভুবনকুড়া ইউনিয়নের কুমারগাতী গ্রামের বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মহিষগুলো আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে গরু ও মহিষ আনছে। এরা এলাকায় গরু, মহিষ, ফেন্সিডিল, মদ, সুপারিসহ নানা ভারতীয় পণ্য রাতের আঁধারে সীমান্ত দিয়ে এনে থাকে। ভারত থেকে বাংলাদেশে গরু ও মহিষ অবৈধভাবে প্রবেশ করানোর আগে বিভিন্ন হাটবাজারের ইজারার কাগজ সংগ্রহ করে পাচারকারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভারত থেকে চোরাকারবারিরা কুচপাড়া সীমান্ত এলাকা দিয়ে জব্দকৃত মহিষগুলো বাংলাদেশে নিয়ে আসে। খবর পেয়ে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশ শনিবার মহিষগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মালিকবিহীন অবৈধ ভারতীয় মহিষগুলো বিভিন্ন চোরাকারবারিরা বিভিন্ন হাটবাজারের ইজারা রশিদের মাধ্যমে নিজেদের মালিকানায় নেয়ার জন্য বিভিন্ন প্রকারের কলা কৌশল করে যাচ্ছেন। জব্দকৃত মহিষের আনুমানিক দাম ১৬ লাখ টাকা।
ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক থাকায় তার বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।