খুলনার পাইকগাছায় রজব আলী গাজী নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার সোলাদানার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানায়, সকালে গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছে রজব আলীর (৬০) লাশ ঝুলতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ঋণের দায়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এলাকাবাসীর অনেকেই মনে করছেন, গুচ্ছগ্রামে গত কয়েক দিনের গোলযোগের জের ধরে তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। যদিও মৃত্যুর বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, মৃতের পরিবারের দেয়া খবরে গুচ্ছ গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে রজব আলীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।



