বন্দরে মতবিনিময় সভায় এসে জনতার তোপের মুখে পড়েছেন জনপ্রতিনিধিরা।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

সভায় বর্ধিত হোল্ডিং ট্যাক্স নিয়ে জনগণের তোপের মুখে পড়েন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলর।

এ সময় অংশগ্রহণকারী কয়েকজন অভিযোগ করেন যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চলতি অর্থ বছরে হোল্ডিং ট্যাক্স প্রায় চার গুণ বৃদ্ধি করেছে। যা অনেক স্বল্প আয়ের মানুষের পক্ষে পরিশোধ করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এর জবাবে ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ও শাওন অংকন জানান, ট্যাক্স বৃদ্ধি নাসিক মেয়র করেননি, এটা মস্ত্রণালয়ের নির্দেশ। এ সময় অংশগ্রহণকারীদের সাথে জনপ্রতিনিধিদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

মতবিনিময় সভায় অবৈধভাবে ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড, মাদক, ইভটিজিং, দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাস্তার ময়লা-আবর্জনা অপসারণ নিয়েও আলোচনা হয়।

বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা, বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারী, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন আহাম্মেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ ভুইয়া ও ২২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাওন অংকন প্রমুখ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।