চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি ঝর্ণার পানিতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া পাহাড়ের বিলাশি নামক ঝর্ণা থেকে কুমিরা ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করে।
নিহত নাইমুল হাসান (২১) চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানার উত্তর কাট্রলি নাথ পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলার কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন।
নিহত নাইমুলের বন্ধু আজহার বলেন, সকালে চট্টগ্রাম শহর থেকে আমরা চারজন বাঁশবাড়িয়ায় বিলাশি ঝর্ণা দেখতে যাই। আমরা সবাই ঝর্ণায় গোসল করতে নামি। তবে নাইমুল হাসান সাঁতার জানত না। তাছাড়া সে যেদিক দিয়ে নামে সেদিকে সম্ভবত গভীর গর্ত ছিল। ঝর্ণায় নামার সাথে সাথে সে নিচে তলিয়ে যায়। তখন আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূইয়া জানান, সকালে বাঁশবাড়িয়ার বিলাশি নামক একটি ঝর্ণায় গোসল করতে নামে চার পর্যটক। তাদের মধ্যে একজন ঝর্ণার পানিতে নিখোঁজের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ঝর্ণার পানিতে ডুবে এই পর্যটকের মৃত্যু হয় বলে তিনি জানান।



