‘মা-বাবকে ভরণপোষণ না করা সন্তানদের জায়গা হবে কারাগারে’ বলে হুঁশিয়ারি দিয়েছে জামালপুরের ইসলামপুর থানার নতুন ওসি সুমন তালুকদার। তিনি বলেন, ‘সন্তানের জন্মের পর থেকে তাকে লালন-পালনের জন্য মা-বাবা যে ত্যাগ স্বীকার করেন সে ঋণ কখনো শোধ হওয়ার নয়। প্রাপ্ত বয়স হওয়ার পর অনেক সন্তানই সেটি বেমালুম ভুলে যায়। বৃদ্ধ মা-বাবাকে অনেক সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসে বা ভোরণপোষণ দেয় না। এসব সন্তানের জায়গায় হবে কারাগারে। যেসব সন্তান বাবা-মাকে ভরণপোষণ করবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। গত মঙ্গলবার বিকেলে ইসলামপুর থানা মোড়ে (বটতলা চত্বরে) অটোরিকশা চালকদের যাত্রীবহনে সতর্কীকরণ পথসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইসলামপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন সুমন তালুকদার। ইজিবাইক চালকদের যাত্রীবহনে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে ওসি বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হতে হবে। দূর-দূরান্তে যাত্রীবহনে একটু সচেতন হলেই খুব সহজে বড় বড় দুর্ঘটনা এড়ানো যায়। দূরে কোথাও যাত্রী কিংবা মালামাল আনা-নেয়ার সময় যাত্রীদের পরিচয় জেনে নেয়ারও পরামর্শ দেন তিনি। গন্তব্যের ঠিকানা জেনে নেয়াসহ পরিচিত অন্যান্য চালককে জানিয়ে দূরে কোথায় যাওয়া দরকার। চালক-যাত্রী সচেতন হলেই সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ জন্য আমাদের সবার সচেতনতার প্রয়োজন।



