কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইছাহক আলী মেম্বার (৪৮)। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর সাংগঠনিক কাজ শেষে মোটরসাইকেলযোগে জেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক ইছাহক আলী ভেড়ামারা থেকে কুষ্টিয়া শহর অভিমুখে আসার পথে ১০ মাইল কাচারী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান। এতে চালক ও আরোহী দুজনই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ইছাহক আলীকে ঢাকা নেয়ার পথে রাত ১টার দিকে রাজবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।
নিহত ইছাহক আলী আইলচারা গ্রামের আজিজুল জোয়ার্দারের ছেলে। তিনি আইলচারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং এলাকার একজন পরিচিত ব্যবসায়ী।
অপরদিকে, আহত যুবদল নেতা কামাল উদ্দিন আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইছাহক মেম্বারের মৃত্যুর খবরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার বাড়িতে উপস্থিত হন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় মাঠে জানাজা শেষে পারবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।



