নারায়ণগঞ্জের বন্দরে তানহা আক্তার (১৭) নামে ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে নিহতের পরিবারকে লাশ দেখাতে না দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে হট্টগোলে সৃষ্টি হয়েছে। এর আগে বুধবার রাতে নাসিক দক্ষিণ লক্ষলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ বন্দর ইউপির তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে।

জানা যায়, লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছে স্বামী আরিফুল ইসলাম বাবু ও তার পরিবারের লোকজন। পুলিশ এ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারের অভিযোগ তানহাকে গলাটিপে হত্যা করেছে স্বামী ও তার পরিবার।

নিহতের বড় বোন তানু জানান, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিবারির সময় নির্ধারিত ছিল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমাদের জানিয়েছে সে স্ট্রোক করে মারা গেছে। এ খবর পেয়ে বাড়িতে এসে আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিল না। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালায়। আমার বোনের গলায় দাগ রয়েছে এবং জিহ্বায় কামড় অবস্থায় আছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, ঘটনাস্থলে এসআই মফিজুল ইসলামকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। গলায় ফাঁসির আলামত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে।