চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জীবননগর থানায় মামলা হয়েছে।
জীবননগর পৌর শহরের দৌলৎগঞ্জ উত্তরপাড়ার আব্দুল খালেকের ছেলে আসাদুর রহমান আসান বলেন, আমার বোন সাজেদা খাতুনকে (৩৫) ২০০৪ সালে উপজেলার গয়েশপুর মণ্ডলপাড়ার ইন্তাজুল হকের ছেলে আরিফুল ইসলাম ফনের (৪০) সাথে বিয়ে দেয়া হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও মেয়ে রয়েছে। ফনে আমাদের কাছে যৌতুক বাবদ এক লাখ টাকা দাবি করে। কিন্তু আমাদের সামর্থ্য না থাকায় তাকে টাকা দিতে পারব না বলে জানাই। এতে ফনে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদেরকে গালিগালাজ ও হুমকি-ধামকি দিতে থাকে। শুক্রবার সন্ধ্যার দিকে আমরা জানতে পারি ফনে, তার দ্বিতীয় স্ত্রী, নাজমা ও তার বোন পারভিনা আমার বোন সাজেদা খাতুনকে যৌতুকের টাকার জন্য মারধর করে বাড়িতে আটকে রেখেছে। এ খবর শুনে আমি ও আমার মা চায়না খাতুন একটি ভ্যানে ফনেদের বাড়িতে গেলে তারা আমাদের দেখা মাত্র তেলে-বেগুনে জ্বলে ওঠে। তারা আমার মা চায়না খাতুনকে হাতে ও আমার মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করে। প্রতিবেশী লোকজন আমাদের রক্ষা করেন। আমরা জীবননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই।
এ ব্যাপারে সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম পাকু বলেন, ঘটনার সময় আমি গ্রামে ছিলাম না। তবে ঘটনার কথা লোক মুখে শুনেছি। ঘটনার বিষয়ে থানায় মামলার কথাও শুনেছি।
জীবননগর থানার ওসি এসএম জাবিদ হাসান বলেন, ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
জীবননগরে যৌতুকের জন্য স্ত্রী শাশুড়ি ও শ্যালককে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী, শাশুড়ি ও শ্যালককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। গত শুক্রবার সন্ধ্যার দিকে এ...



