বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছের রিমান্ড আবেদন ও জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জিকে গউছের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেন।

জানা যায়, ২০১৫ সালে হবিগঞ্জ কারাগারে ছুরিকাঘাতের শিকার হন কারাবন্দী জিকে গউছ। ওই ঘটনায় যুবলীগ নেতা ইলিয়াছের সাজা হয়। আট বছর আগে কারাগারে বসে ছুরিকাঘাতের শিকার বিএনপি নেতা জিকে গউছ হবিগঞ্জ-৩ আসনের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি মো: আবু জাহির ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এমন অভিযোগে গ্রেফতার দেখায় পুলিশ। ঢাকার ডিবি পুলিশ জিকে গউছকে গ্রেফতারের পর সিএমএম কোর্টের মাধ্যমে জিকে গউছকে দু’দিনের রিমান্ডে নেয়া হয়।

সূত্রে আরো জানা যায়, একই মামলায় রোববার (১০ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর থানা পুলিশ জিকে গউছকে ১০ দিনের রিমান্ডের পাওয়ার আবেদন করে। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। জিকে গউছের পক্ষে তার জামিন আবেদন করা হয়। আদালত জামিন আবেদনও নামঞ্জুর করেন।

জিকে গউছকে হবিগঞ্জ কোর্টে নিয়ে আসার সংবাদে শত শত নেতাকর্মী ও উৎসুক জনতা আদালত পাড়ায় ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।