গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের রক্ষায় নবগঠিত সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে কুমিল্লা শহরে ‘লুণ্ঠিত ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউএলএফের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাস্থ বিএনপির মহানগর কার্যালয়ের সামনে আইনজীবীদের সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউএলএফের কুমিল্লা ইউনিটের কনভেনর এবং কুমিল্লা বারের সাবেক পাঁচ বারের সভাপতি অ্যাডভোকেট মো: ইসমাইল। বক্তব্য রাখেন ইউএলএফের কেন্দ্রীয় কনভেনর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও ইউএলএফের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।
আরো বক্তব্য রাখেন ইউএলএফের কেন্দ্রীয় সদস্য আইনজীবী কে এম জাবির, শাহ আহমেদ বাদল এবং আইনজীবী ফোরামের কুমিল্লা ইউনিটের সভাপতি কাইমুল হক রিংকু।
সমবেশ শেষে আইনজীবীদের পদযাত্রায় স্থানীয় পুলিশ রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে এবং পদযাত্রা না করার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করে।
পদযাত্রা শুরু করতে ব্যাপক সংখ্যক পুলিশ আইনজীবীদের সাথে রূঢ় আচরণ করে আইনজীবীরা অভিযোগ করেন।
এ সময় পুলিশ সদস্যরা ইউএলএফের ব্যানার এবং ফেস্টুন কেড়ে নেয়ার চেষ্টা করলে আইনজীবীদের বাধার মুখে পুলিশ পিছু হটতে বাধ্য হয় বলে আইনজীবীরা জানান।
এরপর আইনজীবীদের পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা বারের সামনে গিয়ে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।
পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন ইউএলএফের সমন্বয়ক আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, কেন্দ্রীয় সদস্য রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া, মোহাম্মদ আলী, মোরশেদ আল মামুন লিটন, মাহবুবুর রহমান খান, আব্দুল্লাহ আল মাহবুব, গাজী তৌহিদুল ইসলাম, কে আর খান পাঠান, মো: মাকসুদ উল্লাহ, ফাতেমা আক্তার, এ কে এম এহসানুর রহমান প্রমুখ।
সমাবেশে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, এই সরকার এর পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাওয়া যাবে না।
কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিচারকরা যখন নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ ঘোষণা করেন, তখন দুদুক, পিএসসি, নির্বাচন কমিশনসহ সকলেই এখন রাজনীতিবিদ হয়ে গেছে।
সংগঠনটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পুলিশ ২০ লাখ রাবার বুলেট কিনেছে, এই বুলেট যদি গণতন্ত্রপন্থী ও মুক্তিকামী জনতার উপর প্রয়োগ করা হয়, তাহলে জনগণ মেনে নিবে না। রাবার বুলেট প্রয়োগকারী পুলিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
সংগঠনটির সমন্বয়ক গাজী কামরুল ইসলাম সজল বলেন, কোনো বাধাই আমাদের গনতান্ত্রিক আন্দোলন ব্যাহত করতে পারবে না। এ সরকারের আমলে পুলিশ দলীয় ক্যাডারের ভূমিকা পালনের তীব্র নিন্দা জানাচ্ছি।



