খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় প্রেমিকার উড়নায় ঝুলে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিকের মৃত্যু হলেও বেঁচে গেছেন প্রেমিকা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিন্দুকছড়ির মুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক পবেন জয় ত্রিপুরা (১৮) মুরাপাড়ার বাসিন্দা নব কিশোর ত্রিপুরার ছেলে। তিনি মাটিরাঙ্গা সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। একই এলাকার বাসিন্দা খনজয় ত্রিপুরার মেয়ে তিরিকা ত্রিপুরা (১৭) খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়দের মতে, এরা একে অপরকে ভালোবাসতো। কিন্তু বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নিতে সম্মত হয়নি। এ পরিস্থিতিতে রোববার সকালের দিকে সিন্ধুকছড়ি মুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে আম গাছের সাথে প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দেয় ওই যুগল। এ সময় প্রেমিক মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যায় প্রেমিকা। আহত অবস্থায় কলেজছাত্রী প্রেমিকা তিরিকা ত্রিপুরাকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবণতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ ও প্রেমের বিষয়টি পরিবার মেনে না নেয়ার কারণে অভিমান থেকে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানা যায়। নিহত পবেন ত্রিপুরার লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর খাগড়াছড়ি পাঠানো হয়েছে।