মায়ের অকাল মৃত্যুর পর দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুই বছর বয়সী মেয়ে আফরা ইয়াসমিন। মেয়ের উন্নত চিকিৎসার টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছেন বাবা হুমায়ুন কবির। অসহায়ত্ব প্রকাশ করে চেয়েছেন সহায়তা।
সাতক্ষীরার শ্যামনগরের হাওয়ালভাংগী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির জানান, আফরা ইয়াসমিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে কঠিন যন্ত্রণা ও কষ্টে দিন কাটাচ্ছে। তার স্ত্রী আফরোজা বিলকিস টিবিসহ নানা রোগের উপসর্গ নিয়ে গত ১৮ আগস্ট সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরো জানান, তার আর্থিক স্বচ্ছলতা না থাকায় মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছেন। তার চিকিৎসার জন্য অনেক আর্থিক সাহায্যের প্রয়োজন। তার একার পক্ষে শিশু আফরার উন্নত চিকিৎসার খরচ যোগানো সম্ভব হয়ে উঠছে না। তারপরও সাধ্যের মধ্যে মেয়ের চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেই চলেছেন।
জানা গেছে, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ ল্যাবরেটরিতে আফরা ইয়াসমিনের পরীক্ষা-নিরিক্ষার পর দূরারোগ্য ব্যাধি শনাক্ত হয়।
হুমায়ুন কবির জানান, বিয়ের পর থেকে স্ত্রী নানাবিধ রোগে আক্রান্ত হওয়ায় বিভিন্ন ব্যাংক, সমিতি ও বিভিন্ন লোকের কাছ থেকে লাখ লাখ টাকা ঋণ গ্রহণ করেও শিক্ষিকা আফরোজা বিলকিসকে বাঁচানো সম্ভব হলো না। আফরোজা বিলকিস সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের ১৬১ নম্বর কাটিবারহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মায়ের অকাল মৃত্যুর পর স্নেহবঞ্চিত শিশু আফরা ইয়াসমিনের দূরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
আফরার বাবা হুমায়ুন কবিরের মোবাইল নম্বর ০১৭২৮-৯০২৩৪৮।



