জামালপুরের দেওয়ানগঞ্জে রহস্যজনক নিখোঁজের দু’দিন পর নিজ বাড়ির পাশে লাশ পাওয়া গেল নুসরাত জাহান হাবিবার (৪)।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিশুটির লাশ তাদের বাড়ির কাছে পথের ধারে মৃত অবস্থায় পাওয়া যায়।
সে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বেপারীপাড়া গ্রামের মো: আশরাফুল ইসলাম ও হিরা বেগমের মেয়ে।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে শিশু হাবিবা তার বাবার সাথে একটি দোকানে যায়। বাবা দোকান থেকে কেনাকাটা করে হাবিবার হাতে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মা বাবা ও এলাকাবাসী খোঁজ করতে গিয়ে এক স্থানে তার একটি স্যান্ডেল পায়। এ ব্যাপারে ১০ সেপ্টেম্বর শিশুর বাবা আশরাফুল ইসলাম দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। অবশেষে ১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে শিশুটির লাশ তাদের বাড়ির কাছে পথের ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকের ধারনাকে বা কারা শিশুটিকে হত্যা করে বাড়ির কাছে ফেলে রেখে যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস নয়া দিগন্তকে জানান, ঘটনাটি মর্মান্তিক। শিশুটিকে জীবিত উদ্ধার করার জন্য অনেক তৎপরতা চালিয়েও তা সম্ভব হইনি। অবশেষে মৃত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।



