রংপুর সিটি করপোরেশন এলাকার বস্তিগুলোর ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ৬৭ ভাগ শিশুই স্বাস্থ্যঝুঁকিতে। এরা সবাই ভুগছেন অপুষ্টিতে। এ ছাড়া বয়স ও উচ্চতা বিবেচনায় রয়েছে বেশি ওজনের শিশুর সংখ্যা। এরমধ্যে ছেলে শিশুর তুলনায় কন্যা শিশুর স্বাস্থ্যঝুঁকির সংখ্যা বেশি।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনের সভা কক্ষে ‘অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাই’ এর ফলাফল অবহিতকরণ সভায় এসব তথ্য জানান রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান ইবনে তাজ। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতিমা, রংপুর সিটি করপোরেশনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা: পলাশ কুমার রায়, মেডিক্যাল অফিসার ডা: সাদিয়া আফরিন সন্ধি, মেডিক্যাল অফিসার ডা: সুতপা দেব ও স্যানিটারি ইন্সপেক্টর মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভায় রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান ইবনে তাজ জানান, চলতি বছরের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত ইউনিসেফের সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের নিয়ে জরিপ কার্যক্রম চালানো হয়। নগর ভবনের স্বাস্থ্যকেন্দ্রে আসা সেবা গ্রহীতাসহ নগরীর বিভিন্ন বস্তি এলাকার ৪ হাজার ৪০৬ জন শিশুকে নিয়ে এ জরিপ কার্যক্রম পরিচালিত হয়। এতে ৩৮ দশমিক ৬০ ভাগ শিশু অপুষ্টির শিকার, ২৮ দশমিক ৩৬ ভাগ শিশু ওজনে বেশি এবং ৩৩ দশমিক ০৪ ভাগ শিশু স্বাভাবিক শিশু হিসেবে চিহ্নিত হয়। এ ছাড়া ৭২ জন মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু চিহ্নিত করা হয়। এসব শিশুর সুস্থতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।