চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালির স্তুপে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মাওয়া জিন্নাত মায়া (১৩)।
সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মায়া রাঙ্গুনিয়া পৌরসভা পূর্ব সৈয়দবাড়ির মোহম্মদ আলমগীরের মেয়ে এবং মরিয়মনগর নুরুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।
সূত্রে জানা গেছে, উপজেলার গুনগুনিয়া বেতাগী নানার বাড়িতে বেড়াতে এসেছিল মায়া। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গুনগুনিয়া বেতাগী প্রজেক্ট গেইটে তার সহপাঠী আরো দু’জনের সাথে খেলার ছলে কর্ণফুলী নদীর পাড়ে ড্রেজিং করা পাহাড় সমান জমানো বালুর স্তুপের দিকে যায়। পরে অপরিকল্পিতভাবে রাখা বালুর স্তুপের ওপরে উঠলে বিদ্যুতায়িত হয়ে ছিটকে দূরে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে।
চিকিৎসকরা জানান, মায়ার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
এ ব্যাপারে বেতাগী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো: সফিউল আলমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের আওতায় বসুন্ধরা গ্রুপ কর্ণফুলী নদীতে খনন (ড্রেজিং) করছে। পল্লী বিদ্যুতের ওপরের খুঁটি সমান উত্তোলিত বালু স্তুপ করে রাখা হয়েছে। নদী খনন প্রকল্পের দায়িত্বহীনতা ও বিদ্যুৎ বিভাগের গাফেলতির কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এটা খুবই দুঃখজনক।



