জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল চন্দ্র ধরের পর এবার নৌকা প্রতীকে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো: ইমরান আহমেদ।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলার মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিসি ইমরান আহমেদ।
জামালপুরের জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘এই সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করতে আমরা বদ্ধপরিকর।’
আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘স্বাধীনতার সুফল, যোগাযোগ ও নানাবিধ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা ও আওয়ামী লীগ সরকারে এসে যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবারো নির্বাচিত করে ক্ষমতায় বসাতে হবে। এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আপনারা এই সরকারের এত উন্নয়ন নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না।’
নবনির্মিত পৌর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জামালপুর পৌর সভার সাবেক মেয়র মির্জা সাকাওয়াতুল আলম মনি।
এর আগে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারকে আবারো নির্বাচিত করতে প্রকাশ্যে নৌকায় ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে ২৫ আগস্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।



