বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠন লালমনিরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে দুলুর বিরুদ্ধে অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা বলেন, অভিযোগ প্রত্যাহার না হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলে গোটা লালমনিরহাট জেলাকে অচল করে দেয়া হবে। তারা বলেন, হয়রানিমূলক বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার বা আটক করতে ব্যর্থ হয়ে এখন জনাব দুলুকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু তাদের এই যড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
এর আগে বিএনপি ও অঙ্গ-সংগঠনের এক বিক্ষোভ মিছিল লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজিবি রোড টিঅ্যান্ডটি মোড় পার হয়ে মিশন মোড় এলাকা প্রদক্ষিণ শেষে লালমনিরহাট রেলস্টেশন রোডে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।



